বাংলাদেশ প্রতিবেদকঃ সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ডিবির ওই কর্মকর্তা জানান, তাকে হেফাজতে নেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলোর ধারণা, সম্প্রতি গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, থানায় অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটের মতো গুরুতর নাশকতামূলক ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। মূলত সেই অভিযোগের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
কে এই মো. রাকিবুল হাসান?
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, মো. রাকিবুল হাসান ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তার কর্মজীবনের ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে তিনি ডিএমপির ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে প্রথমে ঢাকার বাইরে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে হেফাজতে নেওয়ার কয়েক ঘণ্টা আগেই বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাহিনীর শৃঙ্খলা ও সরকারবিরোধী তৎপরতা নিয়ে কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।”
তিনি আরও জানান, সরকারি চাকরিতে থেকে সব ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে কেবল জনসেবায় মনোনিবেশ করার বিষয়ে সংশ্লিষ্ট সদস্যদের আগেই সতর্ক করা হয়েছে। এরপরও কোনো কর্মকর্তা বা সদস্য রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

