চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় আকস্মিক বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কৃষক লীগের এক নেতা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠ এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ টমাস (৩৫)। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বা টোলা গ্রামের মোর্তজার ছেলে। রাজনৈতিক পরিচয়ে তিনি শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। স্থানীয়ভাবে তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সামিল উদ্দিন আহমেদ শিমুলের অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মনাকষা ইউনিয়নের চৌকা মাঠ সংলগ্ন মশিউর রহমান নামের এক ব্যক্তির ঘাসের জমিতে বসে টমাসসহ অজ্ঞাতনামা আরও অন্তত তিনজন গোপনে ককটেল তৈরি করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত ককটেলগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। তবে বিস্ফোরণে আহত অপর তিনজন সহকর্মী টমাসের মরদেহ সেখানেই ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। চিকিৎসার জন্য তাদের কোথায় নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের একটি অংশের ধারণা, আসন্ন ডিসেম্বর মাসকে সামনে রেখে এলাকায় বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই নির্জন ওই ঘাসের জমিতে ককটেলগুলো তৈরি করা হচ্ছিল। যদিও নাশকতার এই পরিকল্পনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও তদন্তের স্বার্থে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
নিহত টমাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ও অবিস্ফোরিত ককটেলের আলামত এবং বিস্ফোরক দ্রব্যের তালিকা প্রস্তুত করে তা জব্দ করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, “ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত জব্দ করা হচ্ছে। আহত ব্যক্তিরা পলাতক থাকলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

