সুর বদলাল নয়াদিল্লি: হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ এক বিষয় নয়, বলছে ভারত

0
সুর বদলাল নয়াদিল্লি: হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ এক বিষয় নয়, বলছে ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও প্রত্যর্পণ ইস্যুতে দীর্ঘদিনের অবস্থান থেকে কিছুটা সরে এসে নতুন বার্তা দিয়েছে ভারত। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, কোনো নাগরিক ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি এবং ঢাকার করা প্রত্যর্পণের অনুরোধ—দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।

বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নতুন অবস্থানের কথা জানান।

এর আগে প্রত্যর্পণ ইস্যুতে বরাবরই বিষয়টি ‘আইনগতভাবে মোকাবিলা করা হচ্ছে’ বলে আসছিলেন রণধীর জয়সওয়াল। তবে বুধবার তিনি বলেন, “বাংলাদেশের পক্ষ থেকে যে প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, তা আমাদের প্রচলিত প্রক্রিয়া ও নিয়ম মেনেই এখনো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে যখন কোনো নাগরিক ভ্রমণ নথি নিয়ে নিজের ইচ্ছায় নিজ দেশে ফিরতে চান, তখন সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা বিষয়।”

অন্য এক প্রশ্নের জবাবে ভারতের এই মুখপাত্র বল ঢাকার কোর্টে ঠেলে দিয়ে বলেন, “এটি এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।”

ভারতের এই বক্তব্যের ঠিক একদিন আগেই মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। গত দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরতে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের ব্যবস্থা করারও অনুরোধ জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু একটি বাংলাদেশি উড়োজাহাজেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই ১৬ ডিসেম্বর দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমানের ব্যবস্থা করা এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব।

দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছিলেন তিনি। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশ সরকার সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে স্পষ্ট জানিয়েছেন, “শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী ও পলাতক সন্ত্রাসী। সাধারণ যাত্রীর মতো বিমানে চড়ে তার ফেরার কোনো সুযোগ নেই। তাকে কেবল প্রত্যর্পণ চুক্তির আওতায়, হাতকড়া পরানো অবস্থায় এবং কঠোর নজরদারিতেই দেশে ফিরতে হবে।”

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছর (২০২৫ সালের নভেম্বরে) বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থেকেই তিনি এসব অভিযোগ ও রায় প্রত্যাখ্যান করে আসছেন।

২০২৪ সালের ডিসেম্বর থেকেই দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে আসছে ঢাকা। অন্যদিকে, ১৬ ডিসেম্বর তার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নতুন মন্তব্য দুই দেশের কূটনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।