‘আওয়ামী সন্ত্রাসীদের মদদ দিলে ভারতকে গ্রহণ করবে না জনগণ’: রংপুরে কড়া হুঁশিয়ারি আখতার হোসেনের

0
‘আওয়ামী সন্ত্রাসীদের মদদ দিলে ভারতকে গ্রহণ করবে না জনগণ’: রংপুরে কড়া হুঁশিয়ারি আখতার হোসেনের

জয়নাল আবেদীনঃ ভারতের মাটিকে ব্যবহার করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আওয়ামী সন্ত্রাসীদের উসকানি ও নাশকতার সুযোগ করে দিলে বাংলাদেশের মানুষ কখনোই ভারতকে গ্রহণ করবে না।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধের পাড়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বা আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

ভারত সরকারকে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, “ভারত হাজার হাজার আওয়ামী সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে। আমাদের দাবি—তাদের দেশে ফিরিয়ে দিয়ে বিচারের রায় কার্যকর করতে ভারত সরকার সহযোগিতা করবে এবং দুই দেশের মধ্যকার বন্দী প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়ন করবে।”

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, “শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার বিষয়টি কোনো আলাপ-আলোচনার বিষয় নয়। বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে এনে দণ্ড কার্যকর করতে হবে। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তারা, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হচ্ছে এবং ফেরার নানা কথা ছড়ানো হচ্ছে।”

ক্ষমতা ছাড়ার আগে শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “একসময় গর্ব করে বলা হতো শেখ হাসিনা পালায় না, অথচ সেই কথা রেখে তিনি দেশ থেকে পালিয়েছেন। এখন ফেরার যে কথা বলা হচ্ছে, বাস্তবে তিনি আসবেন না। কারণ দেশে ফিরলে সামনে একটাই পথ—ফাঁসির কাষ্ঠ। গণহত্যা চালিয়ে যে মানবতাবিরোধী অপরাধ করা হয়েছে, দেশের মানুষ তা আর মেনে নেবে না।”

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রসংস্কার নিয়ে এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বলে জানান আখতার হোসেন। তিনি বলেন, “চব্বিশের অভ্যুত্থানের আগে ও পরে আওয়ামী আধিপত্যবাদের বিরুদ্ধে এনসিপি লড়াই করেছে। দেশকে সন্ত্রাসমুক্ত রাখতে এখনো আমরা মাঠে আছি। নতুন বাংলাদেশ গড়তে হলে সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি এবং সরকারপ্রধানকে একটি স্পষ্ট রূপরেখা দেওয়ার আহ্বান জানিয়েছি।”

প্রধানমন্ত্রীর কাছে এনসিপির উপস্থাপিত প্রধান দাবিসমূহঃ গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করা। জুলাই গণহত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। জুলাইযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও যথাযথ পুনর্বাসন নিশ্চিত করা।

জুলাইযোদ্ধার পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার পর আখতার হোসেন কাউনিয়া উপজেলায় ডিসি ও ডব্লিউডিবি (পানি উন্নয়ন বোর্ড) বাঁধ-সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও নদীভাঙন রোধে এই সড়ক ও বাঁধের কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।