হাসিনার ফেরার গুঞ্জনে উত্তপ্ত বেনাপোল সীমান্ত: রাতভর সার্চলাইটে বিজিবির টহল, পাহারায় বিএনপি-জামায়াত

0
হাসিনার ফেরার গুঞ্জনে উত্তপ্ত বেনাপোল সীমান্ত: রাতভর সার্চলাইটে বিজিবির টহল, পাহারায় বিএনপি-জামায়াত

ওসমান গনিঃ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং ওপারের পেট্রাপোল সীমান্তে সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতাকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সীমান্তে নজিরবিহীন নিরাপত্তা ও সতর্কতা দেখা গেছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে রাতভর আধুনিক সার্চলাইট জ্বালিয়ে সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে রাতভর পাহারা ও মহড়া দিচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ডিসেম্বর মাস এবং ভারতের পেট্রাপোল সীমান্ত এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের তৎপরতার খবরে বেনাপোল প্রান্তে নিরাপত্তা জোরদার করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।

রাতের অন্ধকার নামতেই সীমান্তের ঝুঁকিপূর্ণ ও নির্জন পথগুলোতে তীব্র আলোর সার্চলাইট জ্বালিয়ে সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করছেন বিজিবি সদস্যরা।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল্লাহ খালেদ জানান, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দিন-রাত নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে।

বিজিবির কঠোর নিরাপত্তার পাশাপাশি বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে বেনাপোল সীমান্ত এলাকায় সরব উপস্থিতি দেখা গেছে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের।

বুধবার রাত ৯টার দিকে বেনাপোলের সাদিপুর, বড় আঁচড়া ও গাতিপাড়া সীমান্ত এলাকার বিভিন্ন সড়কে প্রথমবারের মতো মোটরসাইকেল র‍্যালি বের করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। র‍্যালি থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও শেখ হাসিনাবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর আগে বেনাপোল স্থলবন্দর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের। তার নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিল শেষে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতভর অবস্থান নেন তারা।

অবস্থান কর্মসূচি ও র‍্যালি চলাকালে নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ এবং ‘গোপালগঞ্জের গোপালী আর কতকাল জ্বালাবি’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বিজেপির কয়েকজন নেতা সমাবেশ করে শেখ হাসিনাকে ওই বন্দর দিয়ে দেশে ফেরার আহ্বান জানান। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার সীমান্ত এলাকায় বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়লে বেনাপোল সীমান্তে উত্তেজনা বাড়ে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও সজাগ রয়েছেন বলে জানিয়েছেন বেনাপোলের স্থানীয় নেতৃবৃন্দ।