‘মানুষের মতো পশুপাখির অধিকারকেও অবহেলা করা চলবে না’: প্রাণিসম্পদ মেলা উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

0
‘মানুষের মতো পশুপাখির অধিকারকেও অবহেলা করা চলবে না’: প্রাণিসম্পদ মেলা উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রতিবেদকঃ ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত উন্নত জাতের পশু-পাখি ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদের অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি পশুপাখির মৌলিক অধিকার ও মানবিক আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শহরাঞ্চলে পোষা প্রাণী ও পাখি পালনের ক্রমবর্ধমান প্রবণতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে বিশেষ করে শহর অঞ্চলে আর্থিকভাবে সক্ষম মানুষের মাঝে উন্নত বিশ্বের মতো পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালন অনেক বৃদ্ধি পেয়েছে। এগুলো একদিকে যেমন মানুষের মানসিক প্রশান্তির কারণ হয়ে উঠেছে, অপরদিকে এসব প্রাণী অনেকের কাছে কর্মসংস্থান ও আয়েরও বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে, মানুষের যেমন অধিকার রয়েছে, তেমনি পশুপাখির অধিকার সম্পর্কেও কোনোভাবেই অবহেলা করা চলবে না।’

জীবজন্তুর আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা নিঃসন্দেহে জানেন, জীবজন্তু কিংবা পশুপাখির জন্যও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি মৌলিক অধিকার রয়েছে। প্রাণীকে অবশ্যই ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখতে হবে; প্রাণীকে কোনো ধরনের অস্বস্তিতে রাখা চলবে না। তাদের ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখতে হবে এবং স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা দিতে হবে। সর্বোপরি প্রাণীকে ভয় এবং মানসিক যন্ত্রণা দেওয়া যাবে না। মানবিক মানুষ হিসেবেই আমাদের প্রত্যেককে পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং এই সচেতনতা বজায় রাখা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।’

উদ্বোধনী অনুষ্ঠান ও স্টল পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তারা।

আয়োজকরা জানান, দেশের প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, উদ্যোক্তা তৈরি এবং রপ্তানিমুখী বাজার সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এই মেলা চলবে আগামী শনিবার (২৮ নভেম্বর) পর্যন্ত। তিন দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারি ও উদ্যোক্তাদের উন্নত জাতের গবাদিপশু, দুগ্ধজাত পণ্য, পোল্ট্রি এবং নানা প্রজাতির দৃষ্টিনন্দন পোষা প্রাণী ও পাখি প্রদর্শন করা হচ্ছে।