কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে মিলল মাত্র একজন শিক্ষার্থী!

0
কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে মিলল মাত্র একজন শিক্ষার্থী!

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম বিস্ময়কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে তিনি মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত দেখতে পান। শিক্ষার্থীদের এমন নাজুক উপস্থিতির বিষয়ে শিক্ষকদের দেওয়া দায়সারা জবাবে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ৩৮ মিনিটের দিকে নাটোরের এনএস কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সড়কপথে হঠাৎ বিড়ালদহ কলেজে প্রবেশ করেন শিক্ষামন্ত্রী। কলেজে ঢুকেই তিনি সরাসরি ভবনের চারতলায় উঠে বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং প্রায় ১৮ থেকে ২০ মিনিট সেখানে অবস্থান করেন।

একটি শ্রেণিকক্ষে ঢুকে পুরো ক্লাস ফাঁকা এবং কেবল একজন ছাত্রীকে বসে থাকতে দেখে শিক্ষামন্ত্রী উপস্থিত নারী শিক্ষকের কাছে জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্রী আছে।’ শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষক জানান, ওই শাখায় মোট ১৫ জন ছাত্রী রয়েছে। মন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, ‘মেয়েরা আসে না?’ জবাবে শিক্ষক বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন আসছে।’

এ সময় সেখানে উপস্থিত অপর এক শিক্ষক নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে জানান, তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়েই ক্লাসে এসেছেন, তবে শিক্ষার্থীরা এখনো শ্রেণিকক্ষে প্রবেশ করেনি।

পরে মন্ত্রী ক্লাস শুরুর সময় জানতে চাইলে শিক্ষক জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা হয়তো বাইরে অবস্থান করছে। একপর্যায়ে ওই শিক্ষক মন্তব্য করেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে আসতে অনীহা রয়েছে। তাদের ফোন করে ক্লাসে আনতে হয়।’ শিক্ষকদের এমন অসহায় ও দায়সারা বক্তব্যে চরম অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

এ বিষয়ে বিড়ালদহ কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, শিক্ষামন্ত্রী কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ কলেজে এসেছিলেন এবং সরাসরি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন। অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম জানান, মূলত নাটোরের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে মন্ত্রী কলেজটি পরিদর্শন করেন। বর্তমান সময়ে বিভিন্ন কলেজে নির্দিষ্ট কিছু বিষয়ে শিক্ষার্থী সংকটের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী কলেজের সার্বিক শিক্ষার মানোন্নয়ন এবং শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং পাঠদানে শিক্ষকদের আরও আন্তরিক ও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আকস্মিক এই পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।