পাবনা প্রতিনিধি: মানবাধিকার সুরক্ষা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে পাবনায় ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, বাল্যবিয়ে, সংখ্যালঘুদের অধিকার হরণ, সামাজিক বৈষম্য এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি অবিচারকে মানবাধিকার প্রতিষ্ঠার অন্যতম চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়। বক্তারা বলেন, মানবাধিকার শুধু ব্যক্তির অধিকার নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার ভিত্তি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় পাবনা শহরের আবদুল হামিদ রোডে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসারের কার্যালয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MSF)-এর উদ্যোগে এবং বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে বাস্তবায়িত Defending Human Rights Through Network Strengthening (DHRNS) Project-এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। নেটওয়ার্কের আহ্বায়ক আব্দুল মতীন খানের সভাপতিত্বে সভায় মানবাধিকার পরিস্থিতি ও মাসিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী। সভা পরিচালনাও করেন তিনি। স্বাগত বক্তব্য দেন বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তামারা তাসবিহা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন, মানবাধিকার সংগঠন, গণমাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে, ধর্ষণসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ অতিথি আখতারুজ্জামান আখতার বলেন, মানবাধিকার রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে।
সভায় মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা শনাক্তকরণ, ভুক্তভোগীদের আইনি সহায়তা প্রদান, বিচারপ্রাপ্তিতে সহযোগিতা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষকদের দায়িত্ব শুধু ঘটনা পর্যবেক্ষণ বা প্রতিবেদন তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ভুক্তভোগীর পাশে দাঁড়ানো, তার অধিকার ও মর্যাদা রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখা। এ ক্ষেত্রে জেলা মানবাধিকার ডিফেন্ডার নেটওয়ার্ককে আরও শক্তিশালী ও সক্রিয় করতে হবে।
সভায় ৯ জন নারীসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন। সভা থেকে মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠা, নারী ও শিশুর নিরাপত্তা, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষিবিদ অধ্যাপক সাদেক, ওয়াইডব্লিউসিএ’র হেনা গোস্বামী, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) শামীমা নাসরিন সোনিয়া, এবি ট্রাস্ট্রের ট্রাস্টি আঁখিনুর ইসলাম রেমন,
এড. ফাহিমা সুলতানা, খলিলুর রহমান, আব্দুল কাদের, ভূক্তভোগী নারী মোছা: কাজলী প্রমুখ।

