ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

0
ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ৩১ বছর বয়সী এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় শাকিল ইসলাম অরফে সাকিব (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে দুইজনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে ওই রাতেই পুলিশ উপজেলার আলাদিপুর ইউনিয়নের সিঁন্দুরহাটা আবাসন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শাকিল ইসলাম অরফে সাকিবকে গ্রেপ্তার করেছে। ধৃত শাকিল ইসলাম অরফে সাকিব ওই আবাসনের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। মামলার অপর আসামী পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর রাত ১১টার দিকে ওই গৃহবধু ঘরে টেলিভিশন দেখছিলেন। এসময় তার স্বামী বাড়ীতে না থাকার সুযোগ বুঝে শাকিল ইসলামসহ দুই যুবক কৌশলে টিনের দরজা খুলে ঘরে প্রবেশ করে জোরপুর্বক গৃহবধূর মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। সেই সময় গৃহবধূ লোকলজ্জার ভয়ে ঘটনা প্রকাশ না করলেও পরবর্তিতে তার মুখে শরীরে আঁচড় দেখে পরিবারের লোকজন জানতে চাইলে, তিনি ঘটনা খুলে বলেন। এরপর বুধবার (২৫ নভেম্বর) রাতে গৃহবধূ নিজে বাদী হয়ে দুইজনকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ধর্ষণ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূ নিজে বাদী হয়ে দুইজনকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার সূত্র ধরে পুলিশ শাকিল ইসলাম অরফে সাকিবকে তার নিজ বাড়ী থেকে আটক করে দিনাজপুর জেল আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।