রাস পূর্ণিমায় কলাপাড়ার হেলিপোর্ট মাঠ উৎসবমুখর: বাউল গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মেতেছিলেন দর্শকরা

0
রাস পূর্ণিমায় কলাপাড়ার হেলিপোর্ট মাঠ উৎসবমুখর: বাউল গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মেতেছিলেন দর্শকরা

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মেতেছিলেন স্থানীয় দর্শক-শ্রোতারা। কলাপাড়া উপজেলা প্রশাসন ও কলাপাড়া পৌরসভার যৌথ উদ্যোগে এবং স্থানীয় বাউল সংঘের পরিবেশনায় গত ২৪ ও ২৫ নভেম্বর (মঙ্গলবার ও বুধবার) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের হেলিপোর্ট মাঠে এই বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা চলে।

উৎসবমুখর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, ১নং যুগ্ম (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

দুই দিনের সাংস্কৃতিক পর্বে কলাপাড়া বাউল সংঘের শিল্পীদের পরিবেশনা দর্শকদের সবচেয়ে বেশি মুগ্ধ করে। লোকজ ও বাউল গানের পাশাপাশি স্থানীয় নবীন-প্রবীণ শিল্পী এবং দূরদূরান্ত থেকে আগত শিল্পীরা মনোজ্ঞ নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়ার সঙ্গে সঙ্গে হেলিপোর্ট মাঠে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে এবং গানের তালে তালে মেতে ওঠেন সব বয়সী মানুষ।

রাস পূর্ণিমার এই আয়োজনকে কেন্দ্র করে হেলিপোর্ট মাঠ ও এর আশপাশের এলাকায় বসে বাহারি খেলনা, প্রসাধনী এবং মুখরোচক খাবারের অস্থায়ী দোকান। সাংস্কৃতিক পরিবেশনা ও গ্রামীণ মেলার আমেজে পুরো এলাকা পরিণত হয় হাজারো মানুষের এক প্রাণবন্ত মিলনমেলায়। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শকদের উচ্ছ্বাসে উৎসবের মাত্রা আরও বেড়ে যায়।

অনুষ্ঠানের বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, ‘কলাপাড়া উপজেলার মানুষ বরাবরই সংস্কৃতিমনা এবং ঐতিহ্য ও উৎসব ভালোবাসেন। সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক চর্চা ধরে রাখতে মাঝেমধ্যে যেন এ ধরনের আয়োজন করা সম্ভব হয়, প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে আমরা সেই চেষ্টা অব্যাহত রাখব।’