বিমল কুন্ডঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীর তীব্র প্রতিরোধ ও বাধার মুখে পড়েছে পুলিশ। স্থানীয়দের লাঠিসোঁটা হাতে বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির মুখে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার না করেই ফিরে আসতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। রাতেই পুলিশের ফিরে যাওয়া এবং গ্রামবাসীর বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলায় শাহজাদপুর থানা পুলিশের একটি দল বিকেলে নলুয়া গ্রামে হালিমুল হক মিরুর বাড়িতে অভিযানে যায়। স্থানীয়দের দাবি, অভিযানের সময় মিরু বাড়িতেই অবস্থান করছিলেন। তবে পুলিশ আসার খবর মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়লে কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসেন এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন।
সময়ের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মানুষের ভিড় বাড়তে থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হয়। এ অবস্থায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষ এড়াতে পুলিশ সদস্যরা মিরুকে গ্রেফতার না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।
গ্রেফতারের হাত থেকে রক্ষা পাওয়া হালিমুল হক মিরু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। এর আগেও তিনি স্থানীয় রাজনীতিতে নানা কারণে আলোচিত ও সমালোচিত ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, এলাকায় মিরুর দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত জনপ্রিয়তা রয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সাম্প্রতিক কোনো সহিংস বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে দাবি গ্রামবাসীর। মূলত তাকে গ্রেফতারের খবরে আবেগতাড়িত ও ক্ষুব্ধ হয়েই এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তোলেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল হালিমুল হক মিরুকে গ্রেফতার করতে নলুয়া গ্রামে গিয়েছিল। তবে পুলিশ তাকে বাড়িতে পায়নি।
ওসি আরও বলেন, ‘মিরুকে গ্রেফতার করতে পুলিশ এসেছে—এমন খবরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেন। খবর পেয়ে দ্রুত সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

