রাজধানীতে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ, সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে দুর্বৃত্তদের আগুন

0
রাজধানীতে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ, সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে দুর্বৃত্তদের আগুন

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জে আবারও নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ মৌচাক ইউটার্ন এলাকায় ‘মেঘলা পরিবহন’-এর একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিফাত নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন বাসটি ভুলতা গাউছিয়া থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ক্ষতিগ্রস্ত বাসের হেলপার তানজিল জানান, সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন সড়ক থেকে দুই যুবক সাধারণ যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে পেছনের সিটে বসেন। বাসটি মৌচাক ইউটার্নের সামনে পৌঁছালে ওই দুই যুবক তড়িঘড়ি করে নেমে যান এবং মুহূর্তের মধ্যেই বাসের পেছনের অংশে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করে দ্রুত বাস থেকে নেমে নিজেদের রক্ষা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যাত্রীর ছদ্মবেশে ওঠা দুই যুবকই এ নাশকতা ঘটিয়েছে। পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে ডাম্পিংয়ে রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

এদিকে একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত পৌনে ১১টার মধ্যে রাজধানীর ওয়ারী, হাতিরপুল, মিরপুর-১০, বনানী ও ধানমন্ডি এলাকায় অন্তত ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি।

বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারীর আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটে। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পালানোর চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় একজনকে হাতেনাতে আটক করে পুলিশ। কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানান, আটক ব্যক্তিকে থানায় নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন শাহ আলী প্লাজার বিপরীত পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। কাফরুল থানার ওসি আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পরপরই মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হামলাকারীকে ধাওয়া করলেও অন্ধকারের সুযোগে সে পালিয়ে যায়।

রাত ১০টার দিকে বনানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বনানী থানার ওসি মো. সালাহউদ্দিন। এ ঘটনায় ছাত্রীদের মাঝে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সবশেষ রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পাঁচটি স্থানে বিস্ফোরণের ঘটনায় হাতিরপুল থেকে একজনকে আটক করা সম্ভব হলেও বাকি ঘটনাগুলোতে জড়িতদের এখনো গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।