সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে ভাইদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৭সহ আহত ২৫

0
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে ভাইদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৭সহ আহত ২৫

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই ভাইয়ের পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন ৭ জন, যাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের কাছে জনতা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না এবং তার আপন ফুফাতো ভাই জলুসা গ্রামের নূরে আলম জিকুর অনুসারীদের মধ্যে সরকারি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা মোকদ্দমা চলমান থাকলেও মাঠপর্যায়ে আধিপত্য বিস্তার ও জমি দখলকে কেন্দ্র করে এর আগেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুরে জাকিরুল আজাদ মান্না ও নূরে আলম জিকুর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমজোড়া ও জলুসা গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় যান। সেখানে শুরুতে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া গ্রামের কাছে জনতা বাজারের পাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে এবং পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার বিষয়ে মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, জায়গা ও খাস জমির দখল সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। অতীতেও এ নিয়ে তারা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। আজ দুপুরেও পূর্ব বিরোধের জেরেই এই সংঘর্ষের সূত্রপাত হয় এবং বেশ কয়েকজন আহত হন।

তিনি আরও জানান, ঘটনাস্থলটি তুলনামূলক দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।