
বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সম্পূর্ণ সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ‘পুলিশসহ দেশের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের অস্থিরতা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে সম্পূর্ণ বদ্ধপরিকর।’
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে যান, তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় মন্ত্রী আহত সদস্যদের মানসিক সাহস জোগান, প্রতিকূল পরিস্থিতিতে তাদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন এবং ঘোষণা দেন যে, আইনশৃঙ্খলা রক্ষায় বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাদের পুলিশ পদকসহ রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হবে।
সাংবাদিকদের ব্রিফিংকালে সালাহউদ্দিন আহমদ জানান, সাম্প্রতিক নাশকতা ও সহিংসতা মোকাবিলা করতে গিয়ে পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত ও গুরুতর আহত হয়েছেন। কারও মাথায় গুরুতর আঘাত (হেড ইনজুরি) রয়েছে, আবার কারও হাড় ভেঙে গেছে (ফ্র্যাকচার)। ইতোমধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন, তবে গুরুতর আহত বেশ কিছু সদস্যকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংযম ও পেশাদারিত্বের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরিতে যোগদানের সময় বাহিনীর প্রতিটি সদস্য প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও নজিরবিহীন ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের প্রাণহানি বা বড় হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশ ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, দেশের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
শিল্পাঞ্চলের সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সাধারণ ও প্রকৃত শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত সন্তুষ্ট ও সুশৃঙ্খলভাবে কাজে ফিরেছেন। তবে কিছু শ্রমিক নামধারী দুষ্কৃতকারী এবং সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টাকারীরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল বা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু তাদের এই হীন অপচেষ্টা কখনোই সফল হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের কতিপয় ব্যক্তির বাংলাদেশ সংক্রান্ত উসকানিমূলক মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তের ওপারে কে কী করছে বা বলছে তা আমাদের দেখার বিষয় নয়; তবে দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। এ ছাড়া ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার প্ল্যানিংয়ের নির্দেশনা দেন। তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে গৃহীত চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। যেহেতু দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের চিকিৎসার একটি বড় অংশ আঘাতজনিত, তাই হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি এবং এ সংক্রান্ত বিশেষায়িত সেবার (স্পেশালাইজেশন) ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিক্সের পাশাপাশি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরলে মন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে একটি পূর্ণাঙ্গ ক্যানসার ইউনিট বা শাখা খোলার বিষয়েও ইতিবাচক মতামত ব্যক্ত করেন। পরিদর্শনকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় গুরুতর আহত যে আটজন পুলিশ সদস্য বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন (যাদের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত), তারা হলেন— পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আবু আলম, দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল ও মো. রাকিবুল ইসলাম।
