জয়নাল আবেদীনঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অফিক হাসান অভি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
শনিবার দুপুর ১টার দিকে নগরীর দর্শনা মোড় এলাকায় মোটরসাইকেল ও কার্ভাড ভ্যানের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাসা রংপুর জেলার পীরগাছা উপজেলায়।
বেরোবি শিক্ষার্থী জাকির জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসেছি। অভিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছিলাম কিন্তু ততক্ষণে সে আমাদের ছেড়ে চলে গেছে। এবিষয়ে বেরোবি এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার কথা শুনে আমরা এখানে এসেছি। তার পরিবারকে জানানো হয়েছে তারা এলেই মরদেহ হস্তান্তর করা হবে ।

