‘একটা মারলে দুইটা মারবো, দরকার হয় জামায়াত ছেড়ে দিব’: মুফতি আমির হামজার বক্তব্যে তোলপাড়

0
‘একটা মারলে দুইটা মারবো, দরকার হয় জামায়াত ছেড়ে দিব’: মুফতি আমির হামজার বক্তব্যে তোলপাড়

কুষ্টিয়া প্রতিনিধিঃ ‘একটা মারলে দুইটা মারবো। দরকার হয় জামায়াত ছেড়ে দিব। মাইর খাওয়ার মধ্যে নেই।’—কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার এমন হুঁশিয়ারিমূলক বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি ফটোকার্ডের মাধ্যমে তিনি এই বক্তব্য প্রকাশ করেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে রাত সাড়ে ১০টার পর পেজটি থেকে ফটোকার্ডটি সরিয়ে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পেজ থেকে পোস্টটি মুছে ফেলার আগপর্যন্ত সেটিতে প্রায় ২১ হাজার ৮০০ রিঅ্যাকশন, ১ হাজার ৯০০ মন্তব্য এবং ৪৮৩টি শেয়ার পড়েছিল। ফটোকার্ডটি সরিয়ে নেওয়া হলেও বৃহস্পতিবার ধারণকৃত কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এখনো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে মুফতি আমির হামজাকে উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন আর নেই, কোনো সবর নেই। সবর মবর এখন বাদ। না না কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেড়ে দিব। মাইর খাওয়ার মধ্যে নেই।’ মূলত দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়েই তিনি এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও দলীয় মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের কার্যালয় ও বসতবাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সেখানে ব্যাপক ভাঙচুর চালায় এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করে। এ সময় আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড গুলিবর্ষণও করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও ৫টি গুলির খোসা উদ্ধার করে। ওই হামলায় জামায়াতে ইসলামীর ছয়জন স্থানীয় কর্মী আহত হন। বর্তমানে তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হামলার পরদিন বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত কর্মীদের দেখতে যান সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ স্থানীয় জামায়াত নেতারা। সেখানে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার সময় ক্ষোভ প্রকাশ করতে গিয়েই তিনি ওই মন্তব্য করেন, যা পরবর্তীতে ভিডিও আকারে ছড়িয়ে পড়ে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্য ও পরবর্তীতে ফটোকার্ড সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে মুফতি আমির হামজার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির এমন বক্তব্য এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।