পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাক ও কৃষিপণ্য বহনকারী অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যান চালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।
দুর্ঘটনায় আহত হয়েছেন মহেলা গ্রামের নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) ও শুকুরভাঙ্গা গ্রামের আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা বড় হাটে কৃষিপণ্য নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আব্দুল মমিনের অটোভ্যানে করে রওনা হয়েছিলেন কৃষক নজরুল হোসেনসহ কয়েকজন। পথে ভাদড়া বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যান চালক আব্দুল মমিন ও যাত্রী নজরুল হোসেনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার গাড়িটি ফেলে পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

