পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে অবরোধ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ২ কর্মী নিহত

0
পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে অবরোধ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ২ কর্মী নিহত

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার অদূরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ ও আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন। সংঘর্ষ ও অবরোধের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে টানা তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন—শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী এবং মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শামসুদ্দিন মৌলভীরকান্দি এলাকার দাদন মৃধার ছেলে আওয়ামী লীগ কর্মী নিজামউদ্দিন মৃধা। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গুলিবিদ্ধ অবস্থায় শিবচরের বাসিন্দা নিজামউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বঘোষিত অবরোধ ও লকডাউন কর্মসূচির অংশ হিসেবে রোববার ভোর সাড়ে ৫টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জমাদ্দার মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। অন্যদিকে, তাদের এই কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই ওই এলাকায় অবস্থান করছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ভোরে মুখোমুখি অবস্থানের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি চলে। এ সময় সেখানে থাকা বিএনপির নেতাকর্মীদের কয়েকটি অস্থায়ী তাঁবু এবং ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে অবস্থিত ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করা হলে ভেতরের আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

সংঘর্ষ ও মুহুর্মুহু বিস্ফোরণে পুরো নাওডোবা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, “পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। সকালে টোল প্লাজার কিছুটা দূরে নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল (কাঁদানে গ্যাস) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”

পুলিশের অ্যাকশনের মুখে সকাল সাড়ে ৮টার দিকে অবরোধকারীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে সরে যান। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নিলে সকাল ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু দিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে তবে নিয়ন্ত্রণে আছে।