আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা ভাঙায় বিএনপির ঐক্যের ডাক: নাহিদ ইসলাম

0
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা ভাঙায় বিএনপির ঐক্যের ডাক: নাহিদ ইসলাম

রাজশাহী প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়লাভের আট মাস পর বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় এবং দলটিকে সামাল দিতে না পারায় তারা এখন ঐক্যের ডাক দিচ্ছে; তবে বিএনপির নেতৃত্বে আর কোনো জাতীয় ঐক্য হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সারাদেশে আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতার প্রতিবাদ, দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে রাজশাহী জেলা ও মহানগর এনসিপি এই কর্মসূচির আয়োজন করে। এর আগে নাহিদ ইসলামের নেতৃত্বে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বিএনপির রাজনৈতিক ভূমিকার কড়া সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপিই জাতীয় ঐক্য ও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এর ফলে সাধারণ মানুষের কাছে দলটির আস্থা কমে গেছে।’

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ও আঞ্চলিক ভূ-রাজনীতি প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আর কোনো সুযোগ দেওয়া হবে না।

আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি উদ্বেগ প্রকাশ করেন। নাহিদ ইসলাম বলেন, ‘নতুন কোনো চুক্তি হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। পদ্মার পাড়ের তথা রাজশাহী অঞ্চলের মানুষকে মরুভূমিতে পরিণত করার গভীর ষড়যন্ত্র করছে ভারত, আর সেই ষড়যন্ত্রে যোগ দিয়েছে পতিত আওয়ামী লীগ শক্তি। তাই আমাদের এবারের লড়াই সীমান্ত সুরক্ষিত রাখা এবং নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লড়াই।’

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম কয়েকটি গণমাধ্যম ও বুদ্ধিজীবীর ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা ও চাইনিজ কুড়ালকে এখন “লগি-বৈঠা” আখ্যা দিয়ে আওয়ামী লীগকে নতুন করে প্রাসঙ্গিক করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই মিডিয়াগুলোকে চিহ্নিত করছি এবং নথিভুক্ত (ডকুমেন্টেড) রাখছি।’

সারজিস আলম আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি সেজে যারা সম্মতি উৎপাদন করবেন এবং ভারত ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদ করা হবে।

মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং পদ্মার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান।