কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া শহরে জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন এবং মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে পৃথক এই দুটি হামলার ঘটনা ঘটে।
নাশকতার এই ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া না গেলেও গ্রামীণ ব্যাংকের একটি আবাসিক কক্ষে আগুন লেগে আসবাবপত্র পুড়ে গেছে। পাশাপাশি জেলা জজের বাসভবন এলাকায় বিকট বিস্ফোরণে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে অবস্থিত জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
ঘটনার বিবরণ দিয়ে জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত প্রধান সড়ক থেকে বাসভবনের ভেতর লক্ষ্য করে ককটেলটি ছোড়ে। ককটেলটি সরাসরি জেলা জজের নিজ কক্ষের সামনে এসে বিকট শব্দে বিস্ফোরিত হয়। শব্দের পরপরই বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য দ্রুত বাইরে বেরিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে এই বিস্ফোরণে বাসভবনের কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি।
অন্যদিকে, একই রাতে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রাত আনুমানিক ২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ‘ফুলবাড়িয়া-মিরপুর’ শাখা লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা।
পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নিক্ষিপ্ত তিনটি পেট্রলবোমার মধ্যে দুটি ব্যাংক ভবনের বাইরের দেয়ালে আঘাত লেগে নিচে পড়ে নিভে যায়। তবে তৃতীয় বোমাটি ভবনের দোতলায় অবস্থিত ব্যাংক কর্মকর্তাদের আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে সরাসরি ভেতরে গিয়ে পড়ে এবং দাউদাউ করে আগুন ধরে যায়।
তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্মকর্তারা ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ যন্ত্রের (ফায়ার এক্সটিংগুইশার) সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় ভবনটি। আগুনে ওই কক্ষের একটি লেপ ও তোষক পুড়ে গেছে।
খবর পেয়ে রাতেই মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গ্রামীণ ব্যাংকের শাখাটি পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। ওসি শহিদুল ইসলাম জানান, গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন, জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনার পর ওই এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পুলিশের টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পৃথক এই দুটি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

