জয়নাল আবেদীন: দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. লোহানি মোহাম্মদ তাজুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর দীপক এবং কোষাধ্যক্ষ রোকনুজ্জামান তালুকদার। এ ছাড়া আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন এবং সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর তারা নিজেদের বাড়িতে থাকতে পারেননি; অথচ বর্তমানে অনেকের বিরুদ্ধে মামলা থাকলেও তারা বহাল তবিয়তে রয়েছেন। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং নাশকতা ও হামলা-ভাঙচুরের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি রংপুর জেলা ও মহানগরের বিভিন্ন উপজেলা, পৌর ইউনিট এবং ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

