ভাঙ্গুড়া, ফরিদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজন গ্রেফতার 

0
ভাঙ্গুড়া, ফরিদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজন গ্রেফতার 

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তিন নেতা কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের মধ্যে দু জন ফরিদপুর উপজেলা এবং একজন ভাঙ্গুড়া উপজেলার নেতা। বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা পৃথক মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার ২৮ নভেম্বর রাতে ফরিদপুর ও ভাঙ্গুড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ফরিদপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সুরুজ্জামান মোল্লা (৪২)। তিনি উপজেলার মধ্যপুঙ্গলী গ্রামের মৃত ফরিদ উদ্দিন মোল্লার ছেলে। অপরজন পুঙ্গলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রকিবুল হোসেন (৪২)। তিনি দত্তপুঙ্গলী উত্তরপাড়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে।

অন্যদিকে, ভাঙ্গুড়ায় গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সিরাজ ওরফে সিরাই (৫০)। তিনি উপজেলার কুমড়া ডাঙ্গা গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সুরুজ্জামান মোল্লা ফরিদপুর থানার মামলা নম্বর-৬, ২২ নভেম্বর ২০২৫-এর তদন্তে পাওয়া আসামি। মামলাটিতে দ-বিধি ১৮৬০-এর ১৪৩/৪৪৮/৪২৭/১১৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ১৯০৮-এর ৩/৪ ধারায় অভিযোগ রয়েছে।

অন্যদিকে, রকিবুল হোসেন ফরিদপুর থানার এফআইআর নম্বর-৪, ৮সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর-৭০-এর তদন্তে পাওয়া আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১১/১২ ধারায় মামলা রয়েছে।

এ ছাড়া সিরাজ ওরফে সিরাই ভাঙ্গুড়া থানার মামলা নম্বর-৪, ১৩ মে ২০২৫, জিআর নম্বর-৩৫-এর আসামি। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ ধারায় মামলা রয়েছে। শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই মোঃ আশরাফুল ইসলাম ও এসআই মোঃ আরিফুল ইসলাম সহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত দুই আসামি কে রবিবার ২৯ নভেম্বর পাবনার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাকিউল আযম জানান, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে সিরাজ ওরফে সিরাই কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।