রাজশাহী নগরীতে নিষিদ্ধ আ’লীগ, মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩২

0
রাজশাহী নগরীতে নিষিদ্ধ আ’লীগ, মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩২

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ও বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও নাশকতার মামলায় তিনজন, মাদকদ্রব্যসহ পাঁচজন এবং অন্যান্য অপরাধে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মোবাইল ফোনের দোকানে চুরির মামলায় গ্রেপ্তার এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার (২৮ নভেম্বর) নগরীর মতিহার, শাহমখদুম ও পবা থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন, মতিহার থানার খোজাপুর এলাকার আব্দুল্লাহ আল মামুন শাকিল (৩০), শাহমখদুম থানার খিরশিন ফকিরপাড়া এলাকার গোলাম সারওয়ার বাদশা (৪৮) ও পবা থানার রামচন্দ্রপুর এলাকার নজরুল ইসলাম (৫৯)। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদক কারবারী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। অন্য এক অভিযানে বোয়ালিয়া থানা পুলিশ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে আট পিস ইয়াবা, ছয় গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত চারজন, মাদক মামলায় ছয়জন এবং অন্যান্য মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, গত ২৭ নভেম্বর রাতে পবা থানার নওহাটা পশুহাট সংলগ্ন বুলেট টেলিকম নামের মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে চার ঘণ্টার মধ্যে ২০টি চোরাই মোবাইল ফোনসহ মোঃ আসাদুজ্জামান ওরফে আসাদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করে। আদালতে অপরাধ স্বীকার করায় সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।