সন্ত্রাস ও গুজব রুখতে কঠোর অবস্থানে পুলিশ: টহল বাড়ানোর নির্দেশ আইজিপির

0
সন্ত্রাস ও গুজব রুখতে কঠোর অবস্থানে পুলিশ: টহল বাড়ানোর নির্দেশ আইজিপির

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একইসঙ্গে মাঠপর্যায়ে নিরাপত্তা বলয় সুদৃঢ় করতে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার এবং সর্বোচ্চ পেশাদারত্ব, দক্ষতা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব নির্দেশনা দেন।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুলিশের বিভিন্ন ইউনিট—সিআইডি, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশসহ সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ প্রধান বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ বাহিনী এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, কেবল বলপ্রয়োগ নয়, বরং ‘কমিউনিটি পুলিশিং’ কার্যক্রমকে গতিশীল করার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি থানায় রুজুকৃত মামলাগুলোর তদন্তের গুণগত মান উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি মো. আহসান হাবীব পলাশ মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের ‘বডিওর্ন ক্যামেরা’ (Body-worn Camera) ব্যবহারের নির্দেশ দেন। তিনি অপমৃত্যুসহ সব ধরনের মামলার তদন্ত আরও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করার আহ্বান জানান। এ ছাড়া মুলতবি গ্রেপ্তারি পরোয়ানাগুলো সঠিকভাবে নথিভুক্ত করে তা তামিলের হার বাড়ানোর ওপর বিশেষ জোর দেন।

সভায় বিগত অক্টোবর মাসের সার্বিক অপরাধ চিত্র পর্যালোচনা করা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা, মুলতবি পরোয়ানা, মামলার তদন্ত ও বিচারের ফলাফল এবং আসামিদের সাজার হার বৃদ্ধিসহ অপরাধ দমনের নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।