চট্টগ্রাম প্রতিনিধিঃ বন্দরনগরী চট্টগ্রামে পুলিশি অভিযানে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নগরের অন্য একটি এলাকা থেকে নওফেলের ভগ্নিপতি ডা. সেলিমকেও আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসিনা মহিউদ্দিনের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে জানাজানি হয়।
এর আগে একই দিনে নগরের অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নওফেলের ভগ্নিপতি ডা. সেলিমকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তার ও আটকের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, পুলিশের বিশেষ এই অভিযান এখনো চলমান রয়েছে। ঠিক কোন মামলায় বা কী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়েছে, সে বিষয়ে অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত হাসিনা মহিউদ্দিন চট্টগ্রামের প্রয়াত সাবেক মেয়র ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী এবং বিগত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা।

