মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের বিক্ষোভ, পৌনে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

0
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের বিক্ষোভ, পৌনে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। স্থানীয় সূত্রের তথ্যমতে, রোববার (২৯ নভেম্বর) রাতে মহাসড়কে গাছ ফেলে এই অবরোধ সৃষ্টি করা হলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় পৌনে দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, রোববার রাত পৌনে ৮টার দিকে মাদারীপুরের ভাঙ্গা ব্রিজ এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কের ওপর গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে যান চলাচল আটকে দেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে গিয়ে কিছুটা সামনে তাঁতীবাড়ি এলাকায় পুনরায় মহাসড়কে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা প্রায় পৌনে দুই ঘণ্টা মহাসড়কটি অবরোধ করে রাখেন। এতে দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটটিতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ পুনরায় হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।