লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের হামলায় সংখ্যালঘু অন্তঃসত্ত্বা গৃহবধূ আহত

0
লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের হামলায় সংখ্যালঘু অন্তঃসত্ত্বা গৃহবধূ আহত

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশুর হাতে সংখ্যালঘু পরিবারের অন্তঃসত্ত্বা গৃহবধূকে লাঞ্ছনা ও হামলা করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের যুগি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ওই নারীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কনিকা দেবনাথ ওই এলাকার অনুপ চন্দ্র দেবনাথের স্ত্রী। ঘটনার সময় ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশু ভূক্তভোগী ওই নারীর পরিবারের মালিকানাধীন জমিতে থাকা একটি সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয়। বিকাশ চন্দ্র দেবনাথ জানায়, শনিবার দুপুরে চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশু, স্থানীয় ইউপি সদস্য সিরাজ ও চকিদার জহিরসহ কয়েকজন এসে কোন নোটিশ ছাড়াই আমার মালিকানাধীন জমিতে নির্মাণাধীন প্রাচীর ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে চেয়ারম্যান আমার পরিবারের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। তবে ইউপি চেয়ারম্যানের দাবি, সীমানা প্রাচীর ভাঙার সময় ওই নারী বাধা দিলে তাঁর গায়ে হাত লাগে। লক্ষ্মীপুর সদর থানার ওসি একেএম আজিজুল হক মিয়া জানান, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিলো। থানায় অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকতে বলা হয়েছে। তাদের সাথে বসে বিষয়টি সমাধান করা হবে। তবে চেয়ারম্যানের হামলা ও ভাংচুরের বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।