জয়নাল আবেদীন:” পীরগঞ্জে হিন্দু পল্লী কসবা মাঝিপাড়ায় ধর্মান্ধ উগ্রবাদীদের হামলার ঘটনায় একদিকে হাসির ঝিলিক, অন্যদিকে গ্রেফতার আতংক বিরাজ করছে। ওই পল্লীতে হামলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যাপক সাহায্য, সহযোগিতা দেয়া হচ্ছে।
পাশাপাশি তারা ৪ দিন পর নিজ বাড়ীতে চুলায় রান্না করে সপরিবারে একসাথে খেতে পারায় তাদের মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে। ঘটনাস্থলের আশপাশের ১০/১১ টি গ্রামের ৩ হাজারের বেশি পুরুষ, তরুণ, যুবক বাড়ীঘর ছেড়ে পালিয়ে গেছে। ফলে পরিবারগুলোতে রোজগার না থাকায় খাদ্য সংকটসহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। গতকাল শনিবার ঘটনাস্থলের আশপাশের কয়েকটি গ্রাম ঘুরে সাধারণ মানুষদের মাঝে আতংক দেখা গেছে। কথা হয় মাঝিপাড়ার ননী গোপালের সাথে। তিনি বলেন, ৪ দিন পর কালকে বাড়ীর চুলাত রান্না করা ভাত খাচি। ভবেশের স্ত্রী কনকমালা বলেন, হামার বাড়ীত হামলার পর সরকারী ও বেসরকারিভাবে রান্না করা খাবার খাচি। ৪ দিন পর কালকে (শুক্রবার) বাড়ীর চুলায় ভাত আন্দি (রান্না) খাচি। তার মতো অনেকের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।অপরদিকে ঘটনাস্থলের আশপাশের গ্রামগুলো পরিদর্শনে গিয়ে দেখা গেছে, নারী, গৃহবধূ, মহিলা ও শিশুদের মাঝে পুলিশের গ্রেফতার আতংক রয়েছে। অকপটে তারা তাদের শংকা, আতংক আর খাদ্য সংকটের কথাও বলেছেন। অপরদিকে শুক্রবার খেদমতপুর গ্রামের ৩ শতাধিক নারী, গৃহবধূ দল বেঁধে প্রশাসনের কাছে আসার চেষ্টা করলে পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা তাদেরকে বটেরহাটে আটক দেয়। এ সময় তারা সমস্বরে বলেন, স্বামীর সাথে হামাকও জ্যালোত নিয়া যাও। হামাক নিরাপত্তা দ্যাও, হামরাও বিচার চাই। নির্দুষী মানুষ বাড়ীত থাকপ্যার পারোছি না। এ সময় তাদের সাথে কথা বলতে চাইলে আতংকিত গৃহবধূরা তাদের স্বামীর নামও বলেননি। খেদমতপুরের জেলেখা, মনোয়ারা, নুরজাহান বলেন, পুলিশ নিরপরাধীদেরকে গেরেফতার করায় হামার স্বামীরা বাড়ীত থাকপ্যার পারোচে না। হামরা রাতে আতংকে থাকি। কামাই, রোজগার না থাকায় ছোলপোলেরা না খায়া আছে। বড় রাজারামপুরের শরিফা বেগম বলেন, রাস্তাত থাকি পুলিশ মোর স্বামীসহ হামার গেরামের ৫ জনোক ধরি জ্যালোত পাটাচে। হামলা
মামলার ১ নং আসামী রাজারামপুরের আঃ ওয়াদুদ (৫৫)। তাকে গ্রেফতারের ব্যাপারে তার স্ত্রী সাথী বেগম বলেন, যখন হেন্দুর বাড়ীত আগুন নাগে দেয়, তকন মোর স্বামী বাড়ীত আচিলো। পরে আগুন দ্যাকপার গেলে পুলিশ তাকে ঘাটাত (রাস্তা) থাকি তাকে গেরেপতার করে। হামার গেরামোত কেন পুরুষ মানুষ নাই। নখারপাড়া খন্দকারপাড়ার মাহবুব হোসেনকে হামলার পরদিন সোমবার ভোরে বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তিনি মামলার ২৪ নং আসামী। তার স্ত্রী নাছরিন বেগম বলেন,গত সোমবার ভোরে বাড়ীর গেট খুলে আমার স্বামী, দুই ভাতিজাকে ধরে নিয়ে যায়। এক ভাতিজা সৈকত খন্দকার ডিগ্রির ছাত্র। আর একজন আরিফ খন্দকার এবারে এসএসসি পরীক্ষা দিবে। তারা ঘুম উঠার সাথে সাথেই পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এটা কি অন্যায় নয়? আমরা কি নিরাপদে থাকতে পারবো না? ওই পাড়ায় ৫ জনকে আটক করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, ঘটনাস্থলের পাশেই বটেরহাট। সপ্তাহের বুধ ও রোববার ওই হাট বসে। কিন্তু হিন্দু পল্লী মাঝিপাড়ায় গত রোববার রাতে হামলার পর বুধবার বটেরহাট বসেনি। শুধু তাই নয়, গ্রেফতার আতংকের কারণে হাটটির অধিকাংশ দোকানপাট ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে। ত্রাণ প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে এই প্রতিনিধির প্রশ্নের উত্তরে জেলা ও পুলিশ প্রশাসনকে বলেছেন কোন নিরাপরাধ ব্যাক্তি যেন গ্রেফতার কিম্বা হয়রানীর শিকার না হয় । যারা অপরাধ করেনি তারা অবশ্যই নিজ গৃহে ফিরে আসবে । নিজ নিজ কাজে যোগ দেবেন । রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, যারা নিরপরাধী, তারা বাড়ীতে থাকবেন। আমরা ইতিমধ্যেই হামলাকারীদেরকে শনাক্ত করেছি। আমরা প্রকৃত অপরাধীদেরকে গ্রেফতার করা হবে। গত ১৭ অক্টোবর রাতে পবিত্র কাবা ঘরের অবমাননাকর ছবি ফেসবুকের কমেন্টে পোস্ট দেয়ায় ধর্মান্ধ উগ্রবাদীরা সংঘবদ্ধ হয়ে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু পল্লী মাঝিপাড়ায় হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩ টি মামলায় ৬০ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে ৩৭ জনকে ৩ দিনের রিমান্ডে এনেছে পুলিশ।

