ত্রিশালে কাভার্ডভ্যান চাপায় ২ ভাইয়ের মৃত্যু

0

বাংলাদেশ প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীরশিমলা দুলালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার খরখরিয়া এলাকার আজিজুল হকের ছেলে ফিরোজ মিয়া (৩২) ও জিহাদ আহমেদ (২৫)।

এদের মধ্যে জিহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বিসিএস দেয়ার জন্য ঢাকায় তার ভাইয়ের বাসায় গিয়েছিলেন। অপরদিকে ফিরোজ মিয়া গাজীপুরের নয়নপুরে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাইনউদ্দিন বলেন, সকালের দিকে গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে জামালপুরের নিজ বাড়িতে ফিরছিলেন দুই ভাই ফিরোজ মিয়া ও জিহাদ আহমেদ। পথিমধ্যে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীরশিমলা দুলালবাড়ি এলাকায় আসতেই পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।

তিনি জানান, পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।