কটিয়াদীতে শহীদদের স্মরণে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন

0

সাজ্জাদ হোসেন হৃদয়: কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উপলক্ষে ‘আমাদের হৃদয়জুড়ে তোমাদের মৃত্যুহীন প্রাণ’ স্লোগানে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা পরিষদের গেইট থেকে আলোর মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বধ্যভূমি স্মৃতিসৌধে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর আগে দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি বদরুল আলম নাঈমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক চলচ্চিত্রকর্মী জিসান আজাদের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, নাট্যকর্মী আর. আই স্বপন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আমান উল্লাহ প্রমুখ।