জয়নাল আবেদীনঃ রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু নবগঠিত ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’ (রউক)-এর প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ এর ধারা ৮(১) অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে তিনি গ্রেড-২ পদমর্যাদায় এই দায়িত্ব পালন করবেন।
চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর সামসুজ্জামান সামু প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রংপুর নগরীর সব শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও পরিকল্পিত নগরী গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”
সামসুজ্জামান সামু রংপুরের রাজনীতিতে একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকাকালীন রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা দায়ের করা হয় এবং তিনি ২০ বার কারাবরণ করেন। বিশেষ করে, বিগত জুলাই আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্টের আগেই তাঁর নামে ২৫টি মামলা দেওয়া হয়েছিল, যার অধিকাংশতেই তিনি প্রধান বা হুকুমের আসামি ছিলেন।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন আংশিক) আসন থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন তিনি। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ৮৫ হাজার ৪৯৮ ভোট পেয়ে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান বেলালের কাছে পরাজিত হন (বিজয়ী প্রার্থী বেলাল দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৭৮ হাজার ৬৪ ভোট)।
সামসুজ্জামান সামুকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় রংপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন এবং ঐক্যবদ্ধভাবে রংপুরের উন্নয়ন নিশ্চিত করতে তাঁর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

