চান্দিনায় বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অপরাধীসহ গ্রেফতার ২

0
চান্দিনায় বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অপরাধীসহ গ্রেফতার ২

চান্দিনা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক ১০ বছরের সাজাপ্রাপ্ত এক শীর্ষ অপরাধীসহ দুই আসামিকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে শুরু করে গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন মাদক অপরাধী এবং অন্যজন একাধিক গুরুতর মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি। শুক্রবার (১২ জুন) দুপুরে চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে অন্যতম হলো মো: ফাহিম (২২)। সে চান্দিনা উপজেলার কামারখোলা গ্রামের মো: মনির হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক মাদক সেবনের অপরাধে ফাহিমকে ২০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর আজই তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

এদিকে অভিযানের সবচেয়ে বড় সাফল্য আসে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল হোসেন ওরফে বাবুলকে গ্রেফতারের মধ্য দিয়ে। সে চান্দিনা থানার এতবারপুর গ্রামের (ওয়ারিশ হাজী বাড়ি) মৃত আরব আলীর ছেলে। পুলিশ জানায়, বাবুল একটি অস্ত্র মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ১০ বছরের জিআর সাজার পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। চান্দিনা থানা পুলিশের একটি বিশেষ দল অত্যন্ত নিখুঁত ও সুকৌশলী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে জানা গেছে, গ্রেফতারকৃত বাবুল হোসেন একজন পেশাদার ও কুখ্যাত অপরাধী। শুধু অস্ত্র মামলাই নয়, তার বিরুদ্ধে চান্দিনা থানাসহ বিভিন্ন থানায় আরও বেশ কয়েকটি গুরুতর অপরাধের মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে দুটি ডাকাতি মামলা, দুটি ডাকাতির প্রস্তুতির মামলা, একটি ধর্ষণ মামলা এবং একটি চাঁদাবাজির মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় সে এলাকায় নতুন করে অপরাধমূলক কর্মকাণ্ডের ছক আঁকছিল বলে ধারণা করা হচ্ছে।

চান্দিনা থানা পুলিশের এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। দীর্ঘদিন পর এই শীর্ষ অপরাধী গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চান্দিনা উপজেলাকে অপরাধমুক্ত, নিরাপদ এবং মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।