ভবিষ্যৎ প্রজন্মের মুক্তির পথ গণভোট, বিভাগীয় কমিশনার বজলুর রশীদ

0
ভবিষ্যৎ প্রজন্মের মুক্তির পথ গণভোট, বিভাগীয় কমিশনার বজলুর রশীদ

মাসুদ রানা রাব্বানী : আগামীর বাংলাদেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে কষ্ট ও বঞ্চনা থেকে মুক্ত রাখতে গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি বলেছেন, জনগণের হাতে রাষ্ট্রক্ষমতা ফিরিয়ে দিতে এবং একটি স্থিতিশীল, বৈষম্যহীন রাষ্ট্র গড়তেই এই গণভোটের আয়োজন।

বুধবার সন্ধ্যায় নগরীর শিশু একাডেমি চত্বরে বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্রের উদ্যোগে আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, ভোটকেন্দ্রে গমন, ভোট প্রদান ও গণভোটে অংশগ্রহণে জনসচেতনতা শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. বজলুর রশীদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। গণভোটে অংশ নিয়ে হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। ক্ষমতা জবরদখল, রাজপথের হানাহানি ও রক্তপাত বন্ধ করে একটি স্থিতিশীল রাষ্ট্র গড়তেই এই গণভোট। সেই দরজার চাবি জনগণের হাতেই, বলেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে বহু নির্বাচন হলেও প্রকৃত অর্থে জনগণের হাতে ক্ষমতা ছিল না। জনগণের রাষ্ট্রে ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতেই গণভোটের আয়োজন করা হয়েছে। জুলাই ২০২৪ এ যারা রক্ত দিয়েছেন, তাদের লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। সেই লক্ষ্য সামনে রেখেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। কিছু বিষয়ে মতভেদ থাকায় সেগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জনগণের মতামত জানতে গণভোটে যাওয়া হচ্ছে।

বিভাগীয় কমিশনার জানান, পাঁচ বছর পরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখতে জনগণের সম্মতি নিশ্চিত করাই এ গণভোটের অন্যতম উদ্দেশ্য। যাতে কেউ ইচ্ছামতো এ ব্যবস্থা বাতিল করতে না পারে; বাতিল করতে হলে পুনরায় গণভোটের মাধ্যমে জনগণের অনুমতি নিতে হবে। একই সঙ্গে শাসনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।

গণভোটকে সবার ভোট আখ্যা দিয়ে ড. বজলুর রশীদ বলেন, এমন একটি সংবিধান প্রণয়ন করা হবে যা ইচ্ছামতো পরিবর্তন বা বাতিল করা যাবে না; যা হবে রাষ্ট্র ও জনগণের। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়তে গণভোটের বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক।

আলোচনা শেষে একই স্থানে বাংলাদেশ বেতারের শিল্পীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।