অতুল পাল: আগামি ২০ ডিসেম্বর পটুয়াখালী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ সফল করার লক্ষে বাউফল উপজেলা যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বরিবার বেলা সাড়ে ১২টার দিকে বাউফল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহজাহান সিরাজের সভাপিতত্বে এবং সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদের সঞ্চালণায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আরিফুজ্জামান রনি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাড. শহিদুল ইসলাম। আগামি ২০ ডিসেম্বর জেলা যুবলীগের সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারন সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলসহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ওই সম্মেলনে উপজেলা যুবলীগের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা নেতৃবৃন্দ। বাউফল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ বলেন, জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে বাউফল উপজেলা যুবলীগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। প্রস্তুতিমূলক সভায় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কয়েকশত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

