রামেকের ছাত্রী হলের সামনে অনৈতিক কর্মকাণ্ড, দেখে ফেলায় ডেলিভারি ম্যানকে মারধর

0

বাংলাদেশ প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ছাত্রী হলের সামনে চলছে অনৈতিক কর্মকাণ্ড। হল এলাকায় কয়েকজন শিক্ষার্থীর অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় বৃহস্পতিবার রাতে একটি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যানকে মারধর করেছে তারা।

ঘটনাটি ঘটে রামেকের পোলিন ছাত্রী হোস্টেলের সামনে। আহত ডেলিভারি বয় সেলিম রানা রামেক হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় অভিযুক্তদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী সেলিম রানা গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রামেকের পোলিন ছাত্রী হোস্টেল থেকে একজন খাবার অর্ডার করেন। সেই অনুসারে খাবার নিয়ে ডেলিভারির জন্য আমি হোস্টেলের গলির সামনে যাই। কিন্তু লাইট না থাকায় জায়গাটা অন্ধকার ছিল।

সেখানে একজন ছাত্রী ও তিন থেকে চারজন ছাত্র অনৈতিক কাজে লিপ্ত ছিলেন। তাদের কর্মকাণ্ড দেখে ফেলায় আমাকে বেধড়ক মারধর শুরু করেন। এতে নাক ও চোখে আঘাত লাগে। পরে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে হাসপতালে ভর্তি করেন।

নগরীর রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, ওই ডেলিভারি বয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।