তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে গত ৬ মাসে ৫টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়েছে। এগুলো নতুন করে কিনতে গ্রাহকদেরকে অর্ধেক দাম হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতিকে ১ লাখ ৩৫ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে।
এ খাতে সমিতিকে গচ্ছা দিতে হয়েছে সমপরিমাণ অর্থ। বৈদ্যুতিক ট্রান্সফর্মারে চোরের নজর পড়ায় উদ্বিগ্ন গ্রাহক ও পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন।
নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) একজন কর্মকর্তা জানান, ২০২১ সনে উপজেলার চর আবাবিল এলাকা থেকে ২টি ১৫ কেভি ও ২টি ৫ কেভি ট্রান্সফর্মার চুরি হয়ে যায়। চলতি বছরের শুরুতে উমদারা এলাকা থেকে ১৫ কেভির একটি ট্রান্সফর্মার চুরি হয়। ৫টি ট্রান্সফর্মারের মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। সমিতির নিয়ম অনুযায়ী গ্রাহক অর্ধেক টাকা পরিশোধ করলেও সমিতিকে সমপরিমাণ অর্থ গচ্ছা দিতে হয়েছে।
রায়পুর জোনাল অফিসের নিয়ন্ত্রণে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ৬০০ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে। গ্রাহক সংখ্যা ৯২ হাজারের বেশি। খুঁটিতে ট্রান্সফর্মারের সংখ্যা ৩ হাজারের বেশি। এগুলো আর এখন নিরাপদে নেই। তামা জাতীয় মূল্যবান কয়েলের লোভে ট্রান্সফরমার চোর চক্র চুরির চেষ্টা করছে। চর আবাবিল গ্রামের গ্রাহক আবুল কালাম বলেন, আমাদের ক্ষতি হলেও ট্রান্সফর্মার চোর চক্র এখনো অধরা থাকায় আমরা আতঙ্কিত। ট্রান্সফরমারের অর্ধেক টাকা পরিশোধ করে পুনরায় সংযোগ নিতে অনেক দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হয়। এতে একদিকে যেমন অর্থ যাচ্ছে, অন্যদিকে আমাদেকে ভোগান্তিরও শেষ নেই।
ট্রান্সফরমার চুরি ঘটনা বিদ্যুৎ অফিসে জানালে তাঁরা থানায় মামলা দিয়ে তাঁদের দায়িত্ব শেষ করে। কিন্তু সমস্যায় পড়তে হয় আমাদের। পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এএইচএম আরিফুল ইসলাম বলেন, চোররা যাতে চুরি করতে না পারে সেজন্য সমিতির পক্ষে থেকে সচেতনতামূলক লিফলেট বিলি করা হচ্ছে। ট্রান্সফর্মারকে লোহার শিকল ও নাট ওয়েল্ডিং করে রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় ৫টি মামলা দায়ের করা হয়েছে। এখনো কোনো উদ্ধারের ঘটনা নেই। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়–য়া বলেন, সচল লাইন থেকে ট্রান্সফর্মার চুরির বিষয়টির সঙ্গে বিদ্যুৎ সম্পর্কে অভিজ্ঞ লোকজন জড়িত বলে আমাদের ধারণা। ট্রান্সফর্মার চোর চক্রকে চিিহ্নত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলাগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

