বাংলাদেশ প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় সয়াবিন তেলের অতিরিক্ত মূল্য চাওয়ার প্রতিবাদ করায় জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে দোকানদার। শুক্রবার রাতে শহরের ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জাকির হোসেন জেলার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। তিনি বেসরকারি কোম্পানিতে চাকরি করার সুবাদে পরিবার নিয়ে শহরের ফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন দুপুরে বাসার পাশেই একটি দোকান থেকে এক লিটার সয়াবিন বাকিতে নেন। সন্ধ্যায় তিনি দোকানে তেলের দাম পরিশোধ করতে যান। সেখানে দোকানদার বলেন, তেলের দাম ১৮০ টাকা পরিশোধ করতে। এ সময় জাকির হোসেন দোকানদারকে বলেন, বোতলে লেখা আছে ১৬০ টাকা, আপনি ১৮০ টাকা কেন নিবেন? এ নিয়ে জাকির হোসেন প্রতিবাদ করলে দোকানদার চেয়ার তুলে তার উপর হামলা করেন। এতে গুরুতর আহত হন জাকির হোসেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এ ঘটনার পর দোকান বন্ধ করে পালিয়ে গেছেন দোকানদার।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, আমরা খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

