সন্দ্বীপে স্পিডবোটডুবি: আরো এক শিশুর লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

0

বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামের সন্দ্বীপে স্পিডবোটডুবির ঘটনায় আরো এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হলো। এছাড়া এ ঘটনায় আরো দুজন নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) সকালের দিকে সন্দ্বীপের উড়িরচর ইউনিয়নের সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।

সন্দ্বীপ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন, গুপ্তছড়া ঘাট থেকে ২৫ কিলোমিটার দূরে উড়িরচর এলাকায় লাশ ভাসার খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, লাশটি নিখোঁজ হওয়া জমজ বোন আদিবা বা আলিফার হবে। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এসে শনাক্ত করবে।

এর আগে এ ঘটনায় বুধবার তাদের বড় বোন আনিকার লাশ উদ্ধার করা হয়েছিল।

গত ২০ এপ্রিল সকালে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ অভিমুখী একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে যায়। এ সময় স্পিডবোটে ২০ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় বুধবারই এক শিশু পানিতে ডুবে মারা যায় এবং আরো তিন শিশু নিখোঁজ হয়।