টাঙ্গাইলে কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

0

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ মামলায় খালাস দেওয়া হয়েছে একজনকে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেঙ্গুলা গ্রামের মৃত নগেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (২৮), ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সৌরভ আহম্মেদ ওরফে হৃদয় (২৩) এবং মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৭)। খালাসপ্রাপ্ত হয়েছে মেহেদী হাসান টিটু (২৮)।

মামলার বিবরণ থেকে জানা যায়, গোপালপুর উপজেলার জয়নগর গ্রামের খোকন মিয়ার মেয়ে এসএসসি পরীক্ষার্থী খাদেজা খাতুনের সঙ্গে মোবাইলফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কৃষ্ণ চন্দ্র দাসের। ২০২১ সালের ২ আগস্ট বেলা ১১টার দিকে নানিবাড়ি যাওয়ার কথা বলে খাদেজা বাড়ি থেকে বের হয়। পরের দিন সকালে ভূঞাপুর উপজেলার বীরভরুয়া গ্রামের তারাকান্দি-ভূঞাপুর সড়কের পাশ থেকে এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় না পেয়ে বেওয়ারিশ হিসেবে ভূঞাপুর ছাব্বিশা কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর ২০২১ সালের ৬ আগস্ট নিহত খাদেজার বাবা খোকন মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে দণ্ডপ্রাপ্ত আসামিদের নাম বেরিয়ে আসে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আলি আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজ বৃহস্পতিবার ৩ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন।