সাতক্ষীরায় কিশোরীকে অপহরণ করে হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

0
সাতক্ষীরায় কিশোরীকে অপহরণ করে হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মাহমুদুল হাসান: সাতক্ষীরার কলারোয়ায় কিশোরীকে অপহরণ করে হত্যার অভিযোগে নূরুল আমীন (২২) এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১০ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এমজি আযম এ রায় দেন। তবে আসামি পলাতক রয়েছেন। নূরুল আমীন কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৭ এপ্রিল গয়ড়া গ্রামের কিশোরীকে (১৩) অপহরণের পর ধর্ষণ করে নূরুল আমীন (২২)। পরে ওই কিশোরী গর্ভবতী হয়। এক পর্যায়ে নূরুল আমীন একই বছরের ২৮ অক্টোবর কিশোরীকে পুড়িয়ে হত্যা করে তার মরদেহ পলিথিনে মুড়িয়ে কলারোয়া সীমান্তের হিজলদী চেকপোস্টের পাশে ফেলে পালিয়ে যায়। অপহরণের পরের দিন ৮ এপ্রিল কিশোরীর বাবা বাদী হয়ে নূরুল আমীন, আব্দুল জলিল, খলিলুর রহমান, রুহুল আমিন, রিপন হোসেন ও খায়রুল ইসলামকে আসামি করে কলারোয়া থানায় অপহরণ মামলা করেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটার (পিপি) জহুরুল হায়দার বাবু জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থ অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।