জয়নাল আবেদীন: ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এক প্লাটফর্মে সকল ধরনের প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ‘ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল’ (ওএসএস) নিয়ে রংপুরে কর্মশালা হয়েছে। রংপুর নগরীর বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ রংপুর মিলনায়তনে কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোছা: আরজু আরা বেগম ।
রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া , বিশেষ অতিথির বক্তব্য দেন বিডার নির্বাহী সদস্য অতিরিক্ত সচিব মিজ মোহসিনা ইয়াসমিন, রংপুর জেলা প্রশাসক ড, চিত্রলেখা নাজনীন,রংপুর চেম্বারে সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট আজিজুল ইসলাম মিন্টু মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহসভাপতি মো: গোলাম জাকারিয়া পিন্টু উইমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আক্তার জাহান আয়েশা । বিডার সহকারী পরিচালক আবুজার জিফারী তমালের সঞ্চালনায় কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা ।
এরপর আলোচনায় অংশ নেন আয়কর কর্মকর্তা জানে আলম, দিনাজপুর ,ঠাকুরগাও, গাইবান্ধা লালমনিরহাট রংপুর চেম্বারের প্রতিনিধিরা । এসময় বক্তারা বলেন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে লাইসেন্স, ছাড়পত্র, টিনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয়। উদ্যোক্তাদের এসব কাগজপত্র সংগ্রহ করতে হয়রানিসহ অনেক সময় ও অর্থ ব্যয় হয়। এ সমস্যা নিরসনে বিডা’র ওএসএস পোর্টালে ব্যবসায়ী ও উদ্যোক্তারা একবার নিবন্ধন করে তাদের প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করতে হবে। ফলে দ্রুত সময়ের মধ্যে কম খরচে তাদের কাজগুলো সম্পন্ন হবে। বর্তমানে বিডা পোর্টালের মাধ্যমে সেবাগ্রহীতাদের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের নানা সেবা সহজভাবে দিচ্ছে। এ পর্যন্ত বিডার ওএসএস পোর্টালে ১ লাখ ১২ হাজার ৫২ জন সেবাগ্রহীতা সেবার আবেদন করেছে।
এসব আবেদনের প্রেক্ষিতে স্বল্প সময়ে ১ লাখ ১০ হাজার ৪৭২ জনকে সেবা প্রদান ও ১ হাজার ৫৮০ জনের সেবাপ্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।কর্মশালায় রংপুর বিভাগের ৮ জেলা থেকে আসা অতিরিক্ত জেলা প্রশাসক চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের নেতৃবৃন্দ সহ ব্যবসায়ী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। কর্মশালায় আলোচকরা বিনিয়োগ কর্তৃপক্ষের ওয়ান ষ্টপ সার্ভিস সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করা ও প্রচারনা চালানো সহ আরো উদ্যেগী হবার আহবান জানান।

