জয়নাল আবেদীন: মাদক ব্যবসার জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই হেলাল নিহত হয়েছে । এই মর্মান্তিক ঘটনা ঘটেছে রংপুরের পীরগঞ্জ পৌরসভার বৈরাগী পাড়া এলাকায় । এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে ।
বুধবার দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম। পুলিশ জানায় নিহতের পুরো পরিবারটি মাদক ব্যবসার সাথে জড়িত। পরিবারের সদস্যদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।
নিহত হেলাল মাদক মামলায় ১ মাস জেল খেটে মঙ্গলবার জামিনে মুক্তি পেয়ে বিকেলে বাড়িতে আসেন। রাত ১০ টার দিকে নিহত হেলালের সাথে মাদক ব্যবসা নিয়ে তার ছোট ভাইয়ের সাথে আলোচনার এক পর্যায়ে একে অপরকে ব্যবসার প্রতিপক্ষ ভেবে কথাকাটাকাটি শুরু হয়। সেই কথাকাটাকাটির জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত হয় ।
আহত অবস্থায় হেলালকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের পরিবার থেকে ৪ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পীরগঞ্জ থানা পুলিশ জানান, নিহতের পরিবার হত্যা মামলা করেছে।
মামলার সূত্র ধরে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারলে পুরো ঘটনা জানা যাবে।

