ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় শ্বশুর বড়িতে বেড়াতে এসে প্রতিপক্ষের হামলায় আবু তাহের (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার গভীর রাতে উপজেলার দেউতি এলাকার শ্বশুরবাড়িতে আবু তাহের নামে একজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আবু তাহের একই এলাকার আয়নাল হকের ছেলে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যা বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দেউতি এলাকার তাহেরের শ্বশুর লুৎফর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে ৩০ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল স্থানীয় খলিলুর রহমান ও নুর মোহাম্মদের। গত ১১ অক্টোবর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিনের হস্তক্ষেপে বিষয়টি সমঝোতা করা হয়। এদিক ওই স্থানে রবিবার থেকে আবার উত্তেজনা ছড়ায় খলিলুরের লোকজন।
একপর্যায়ে মধ্যরাতে লুৎফর রহমানের বাড়িতে হামলা চালায়। এসময় দাওয়াতে আসা আবু তাহের দরজা খুলে হামলকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে । পরে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আবু তাহেরের শ্যালক নূর হোসেন জানান, হঠাৎ রাত আড়াইটার দিকে আমাদের বাড়িঘর ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা। এসময় আমার ছেলে ও ভগ্নীপতি বের হলে তাদের ওপর হামলা চালায় তারা। এতে রাতে আবু তাহের গুরুতর আহত হয়ে মারা যায়। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের কিছু ছেলে জড়িত ছিল।
নিহতের ছেলে রাসেল মিয়া জানান, মামার দাওয়াতে রাতে এসেছিলেন বাবা। উনি তো কারো সঙ্গে মারামারি করেননি। ওনাকে বাড়ি থেকে টেনে নিয়ে হত্যা করা হয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, শুনেছি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

