শাহজাদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

0
শাহজাদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। এ উপলক্ষে আজ ১৭ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক কৃষক সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত কৃষক সমাবেশে ২০২৩- ২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভূট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, পিয়াজ, মুগ, মসুর ও খেসারী বীজ উদপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৮ হাজার ৯৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু, কৃষক নূরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি প্রফেসর আজাদ রহমান বলেন, বিএনপি – জামায়াত জোট সরকারের আমলে সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কৃষকদের ঘরে ঘরে বিনামূল্যে সার ও বীজ পৌঁছে দিচ্ছেন। তিনি কৃষি ও কৃষকদের স্বার্থে আগামী নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান।

পরে প্রধান অতিথি প্রফেসর আজাদ রহমান কৃষকদের মাঝে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরন করেন। কৃষি অফিসার জেরিন আহমেদ জানান, উপজেলার একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের ৮ হাজার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমে সকল বীজ ও সার বিতরন করা হবে।