জয়নাল আবেদীনঃ বিএনপি‘র ডাকা সকাল সন্ধ্যা হরতাল বিভাগীয় নগরি রংপুরে ঢিলে ঢালাভাবে পালিত হয়েছে । দূরপাল্লার কোন যানবাহন চলাচন না করলেও সকল প্রকার হালকা যানবাহন চলাচল করেছে।
এদিকে বিএনপির দলীয় কার্যালয় থেকে মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার সকাল পৌনে ১০টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবু।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের মিছিল করার জন্য সমবেত হন। এ সময় পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বললে কয়েকজন কর্মী তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করতে দলীয় কার্যালয়ের ফটকের ভেতরে ঢুকে প্রথমে ফজলে রাব্বী বাবুকে আটক করে নিয়ে যায়। পুলিশের কাজে বাধা দেওয়ায় পরে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনকে আটক করে।
আটকের সময় মহানগর আহ্বায়ক শামসুজ্জামান সামু গণমাধ্যমকর্মীদের বলেন, তাদের কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেই। হরতালের সমর্থনে মিছিল করার জন্য দলীয় কার্যালয়ের সামনে জড়ো হলে সেখান থেকে পুলিশ তাদের তিনজনকে আটক করেছে।
এদিকে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, রোববার সকালে বিএনপির ৩০- ৪০ জন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ তাদের সরে যেতে বললে তারা মারমুখী হয়ে ওঠে এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের চেষ্টা করে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিএনপির রংপুর মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিনজনকে আটক করা হয়। এরপর দলীয় কার্যালয়ের ভেতরে তল্লাশি চালিয়ে কিছু ইটপাটকেল উদ্ধার করা হয়েছে।এছাড়া শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের সকলের বিরুদ্ধে নাশকতাসহ সহিংসতা করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি।
এদিকে শনিবার বিএনপি- জামায়াতসহ গণতন্ত্র মঞ্চ হরতালের সমর্থনে মিছিল বের করার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত মিছিল করেনি।
অন্যদিকে হরতালবিরোধী শান্তি সমাবেশ করে জেলা ও মহানগর আওয়ামীলীগ । নগরীর বেতপট্রী এলাকায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সাংসদ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডা: দেলোয়ার হোসেন যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল সহ অন্যন্য নেতৃবৃন্দ ।
উল্লেখ্য, বিএনপি ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছিল। সেই সমাবেশে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুড়ে পন্ড করে দিয়েছে, এমন অভিযোগ এনে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে মহাসমাবেশে পুলিশের বাধা ও নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামীও হরতালের কর্মসূচি ঘোষণা করে।

