গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নারী শ্রমিক নিহত

0
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নারী শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধিঃ ঘোষিত নতুন বেতন কাঠামো প্রত্যাখান করে গাজীপুরে আজ বুধবার সকালে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল, রাবার বুলেট, কাঁদানে গ্যাস নিক্ষেপে আবারো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পুলিশের গুলিতে এক নারী শ্রমিক নিহত হওয়ার দাবি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে খবর নিয়ে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। গত ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হলেও এতে সন্তুষ্ট নয় শ্রমিকরা। ফলে বুধবার সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, জরুন ও বাইমাইলসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা বিভিন্ন সড়ক অবরোধ করে কাঠ ও টায়ারে আগুন ধরায় এবং বিভিন্ন যানবাহন ভাঙচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জরুন এলাকার মনিম নামে এক কারখানা শ্রমিক বলেন, আমাদের যে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছিল, সেখানে পুলিশ এসে হামলা করেছে। একজন নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

কোনাবাড়ি পপুলার হাসপাতাল ও কোনাবাড়ি ক্লিনিকে গিয়ে দেখা যায়, একাধিক শ্রমিক আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে জালাল উদ্দিন, মানিক, সাগর হোসেন, আলামিন নামে কয়েকজন শ্রমিকদের নাম পাওয়া গেছে।

কোনাবাড়ি ক্লিনিকের ইমারজেন্সি ডাক্তার অনিক বলেন, বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে। তবে গুরুতর আহত এক নারীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আশরাফ উদ্দিন জানান, বেশ কয়েকটি কারখানা শ্রমিকরা আঞ্চলিক সড়কগুলোতে আগুন জ্বালিয়ে অবরোধ করে পরিবহনে ভাঙচুরের চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়েছে।

বিজিবির লে: কর্নেল রফিকুল ইসলাম বলেন, কয়েকটি স্থানে সকালে সমস্যা হয়েছে। রির্জাবসহ গাজীপুরে ২২ প্লাটুন বিজিবি কাজ করছে।

শিল্প পুলিশ-২ (গাজীপুর) এর পুলিশ সুপার মো: সারওয়ার আলম বলেন, পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। উদ্ভুত পরিস্থিতিতে এই মুহূর্তে কথা বলা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন।