স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের বিচরণ বেড়েছে। আর বিষধর এই রাসেল ভাইপার সাপের আতংকে আতংকিত হয়ে পড়েছে ঈশ্বরদীবাসী। বিশেষ করে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীসহ পাকশী ও বাঘইল এলাকাতে এ সাপের বিচরণ বেশি দেখা যাচ্ছে। একের পর এক বিষাক্ত রাসেল ভাইপার সাপের দেখা মিলছে উপজেলার বিভিন্ন এলাকায়। ইতোমধ্যে রাসেল ভাইপার সাপের দংশনে কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। ঈশ্বরদী হাসপাতালে নেই এন্টিভেনম ইনজেকশন এবং ইনজেকশন পুশ পরবর্তী আইসিইউএর ব্যবস্থা।
খোঁজ নিয়ে জানা যায়, বিগত ২-৩ বছর ধরে ঈশ্বরদীতে বিরল প্রজাতির এই মারাত্মক বিষধর রাসেল ভাইপারের বিস্তার ঘটেছে। এ সাপের কামড়ে ইতোমধ্যেই কয়েকজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে ২০১৮ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে এক ব্যক্তি পদ্মার চর থেকে রাসেল ভাইপারকে অজগর সাপ ভেবে তার বাড়িতে নিয়ে আসে। রাসেল ভাইপারের কামড়ে তিনি মারা যান। পাকশী ইউনিয়নে রাসেল ভাইপারের কামড়ে এক শিশুর মৃত্যু হয়। গত ৮ ডিসেম্বর ঈশ্বরদী সংলগ্ন পাবনার নাজিরপুরের টিকরী গ্রামের এক তরুণ রাসেল ভাইপার সাপের কামরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে মারা যায়। বিচরণ বেড়ে যাওয়ায় ঈশ্বরদীসহ পাবনা জেলায় এখন রাসেল ভাইপারের আতংক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শফিকুল ইসলাম বলেন, ভারত থেকে নদী পথে ঈশ্বরদী আসছে খুবই ভয়ঙ্কর বিশাক্ত রাসেল ভাইপার সাপ। কৃষকদের পায়ে বুট এবং সাবধানে কাজ করতে হবে। বাজারে একটি ভ্যকসিনের বাজার দাম প্রায় ১২-১৩ হাজার টাকা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আসমা খান জানান, সাম্প্রতিককালে হাসপাতালে সাপে কাটা রোগীর সংখ্যা অনেক বেড়েছে। বিশেষ করে রাসেল ভাইপার, যেটা পদ্মা নদী বাহিত সাপ। যেখানে নদীর অববাহিকা আছে, সেখানে এই সাপের উপদ্রব বেশী বাড়ে। রাসেল ভাইপার দ্রুত বড় হয় এবং বংশ বৃদ্ধি করে। যারজন্য ইদানিং এখানে সাপে কাটা রোগীর খুবই প্রাদুর্ভাব হয়েছে। এখানে মেডিসিন ও এ্যানেসথেসিয়া কনসালটেন্ট থাকলে সাপে কাটা রোগী সুস্থ করে তুলতে পারব। তবে শুধূ রোগী সুস্থ করে তুললেই হবে না, সেইসাথে আমাদের এন্টিভেনম ইনজেকশন (সাপের বিষ প্রতিষেধক ) দরকার। যেটা হেলথ কমপ্লেক্সগুলোতে খুবই অপ্রতুল। রোগীকে এন্টিভেনম ইনজেকশন পুশ করার পরই বিশেষায়িত ব্যবস্থা যেমন আইসিইউ এর প্রয়োজন হয়। যা আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স এবং জেলা সদরের হাসপাতালেও নেই। যেকারণে রোগী সুস্থ করে তোলার জন্য ভালো ব্যবস্থা আমরা দিতে পারছি না। দুই-এক দিন পর পর শুনছি সাপে কেটে রোগী মারা যাচ্ছে। যদি এন্টিভেনম ইনজেকশন বেশী পরিমাণে থাকে তাহলে রোগী বাঁচানো সম্ভব হবে। এক্ষেত্রে সাপে কাটা রোগীকে ওঝার কাছে না নিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসতে হবে। তাহলে রোগীকে আমরা ভালো পর্যায়ে নিতে সক্ষম হব। রোগীকে তাৎক্ষনিক মৃত্যুর হাত হতে রক্ষা করে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করতে পারব।
জানা গেছে, মারাত্মক বিষধর প্রজাতির এ রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত পরিবেশে এবং কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। এরা নিশাচর, এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। অন্যান্য সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। তবে রাসেল ভাইপার সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। এরা বছরের যে কোনো সময় প্রজনন করে। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়। তবে কোনো কোনো রাসেল ভাইপার সাপের ৭৫টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে। এরা প্রচন্ড আক্রমণাত্মক হয়ে থাকে।
রাসেল ভাইপার সাপ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দুর্লভ প্রজাতির একটি সাপ। পশ্চিমবঙ্গের বেশির ভাগ জেলার গ্রাম অঞ্চলে রাসেল ভাইপার ভয়ের অন্যতম কারণ। আগে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ পাওয়া গেলেও বর্তমানে এরা ঈশ্বরদীসহ পদ্মা নদীর তীরবর্তী জেলা ও চরগুলোতেও বিস্তার লাভ করেছে। সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই কার্যকর পথ বলে মনে করা হচ্ছে।

