বাংলাদেশ প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অপহরণের ১২ঘন্টার মধ্যে রিপন (২০) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী এলাকার একটি পরিত্যক্ত বাড়ীর কাছ থেকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। অপহরনের সাথে জড়িত রিপনের বন্ধু সৈকত শেখকে (২০) আটক করা হয়েছে। আটক সৈকত উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী গ্রামের মৃত মান্নান শেখের ছেলে। ভিকটিম রিপন একই এলাকার জুলহক প্রামাণিকের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে ভিকটিম রিপনের বড় ভাই থানায় একটি অভিযোগ দায়ের করে যে, তার ছোট ভাই রিপনকে অপহরন করা হয়েছে এবং অপহরনকারীরা ৩০লাখ টাকা মুক্তিপণ দাবী করছে। অভিযোগটি আমলে নিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রিপনের বন্ধু সৈকতকে আটক করা হয়। পরে সৈকতের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ফোর্স নিয়ে বড়পাঙ্গাসী গ্রামের আব্দুল হালিমের পরিত্যক্ত বাড়ীর কাছে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় রিপনকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ভিকটিকম রিপন ও আসামী সৈকত দুজন বন্ধু ছিল। এসুবাদে বৃহস্পতিবার রাত আটটার দিকে আসামী সৈকত তার বন্ধু রিপনকে ফোন দিয়ে বড় পাঙ্গাসী স্কুল মাঠে নিয়ে যায়। রাত১০টার দিকে পূর্ব পরিকল্পনা মোতাবেক আটক আসামী সৈকতসহ রিপনের আরো কয়েকজন বন্ধু মিলে তাকে মারপিট করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে তাকে পরিত্যক্ত ওই জায়গায় ফেলে রাখে। একই সাথে রিপনের মোবাইল ফোন দিয়েই তার বাড়িতে কল দিয়ে ৩০লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেলে রিপনের লাশও খুঁজে পাবেনা বলে হুমকি দেয়া হয়।
তিনি জানান, রিপনের বড় ভাই নাসির কয়েকদিন আগে ইটালী থেকে বাড়ীতে এসেছে। তার ভাইয়ের কাছ থেকে টাকা আদায় করতেই রিপনকে অপহরন করা হয়েছিল। এ ঘটনায় অপহরনের পর মুক্তিপন দাবীর মামলা দায়েরের পর আসামীকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়াও ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও ওসি জানিয়েছেন।

