জয়নাল আবেদীন: গাইবান্ধার পলাশবাড়ীতে বাস আটকে চাঁদাবাজি করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে রংপুর, রাজশাহী রুটে বাস চলাচল। হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছে যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে রংপুর বিভাগ থেকে রাজশাহী বিভাগের উদ্দেশে কোন বাস ছেড়ে যায়নি।
রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনালের রাজশাহী বাস কাউন্টার ম্যানেজার আকমল হোসেন জানান, গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে রাজশাহী রুটে বাস চলাচলে বাধা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে এমন অভিযোগে বুধবার রাতে রংপুর রাজশাহী রুটে বাসচলাচল বন্ধের ঘোষণা দেন বাস মালিক ও শ্রমিক সমিতি। সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে রংপুর বিভাগ থেকে কোনো বাস রাজশাহী বিভাগের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এ বিষয়ে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।এদিকে রংপুর-রাজশাহী রুটে হঠাৎ বাসচলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছে যাত্রীরা। সকালে বাস টার্মিনালে রাজশাহী রুটে বাসচলাচল বন্ধ এমন ঘোসণা শুনে হতবাক। অনেকের জরুরি কাজ থাকা সত্বেও রাজশাহী যেতে পারছেন না। কেউ কেউ বিকল্প উপায়ে রাজশাহী বিভাগের অন্যান্য জেলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। আবার কেউ কেউ পার্বতীপুর হয়ে ট্রেনে করে রাজশাহীর পথে রওয়ানা হয়েছে।
রাজশাহীর বাসিন্দা রংপুরে যারা চাকরি করেন তারা পরেছেন মহা বিপদে । বাস বন্ধ থাকায় তারা সাপ্তাহিক বাড়ির হাজিরা থেকে বঞ্চিত হচ্ছেন ।আতিকুর রহমান চাকুরি করেন রংপুর তথ্য অফিসে। গ্র্রামের বাড়ি রাজশাহী। শুক্রবার শনিবার সরকারি ছুটিতে প্রতি বৃহস্পতিবার রাজশাহী গ্রামের বাড়ি যান। কিন্তু আজকে দুপুরে বাস টার্মিনালে এসে শোনেন বাস বন্ধ। অন্য কোনো বিকল্প উপায় না পেয়ে ফিরছেন ভাড়া বাড়িতে। তিনি বলেন, দুই দিনের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য বাস কাউন্টারে এসেছি। কিন্তু বাস বন্ধ থাকায় আর গ্রামের বাড়ি যাওয়া হলো না।

