পাভেল মিয়া: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন দিন ধরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এক সংখ্যার ঘরে। রাতে বৃষ্টির মতই করছে কুয়াশা। দিনেরও বেশির ভাগ সময় চারপাশ ঢাকা থাকছে কুয়াশার চাদরে এমন পরিস্থিতিতে অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
চলতি বছরের শুরু থেকে জেলা জুড়ে কখনো মৃদু কখনো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র ঠান্ডার প্রকোপ উপেক্ষা করে কাজে যাচ্ছেন খেটে খাওয়া মানুষরা। কাজে বের হলেও ঠান্ডায় কাজ করা খুবই কষ্টকর বলে জানিয়েছেন তাদের অনেকেই। উপজেলার সদর
ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের দিনমজুর জয়নাল আবেদীন বলেন, বাড়িতে মোর চার জন খাওয়াইয়া মুই কামাই করিয়া আনলে তবেই মোর বউ ছওয়ার মুখে খাবার জোটে। বেশ কিছুদিন থাকি কামাইয়ে পাং না। এলা রোয়া গাড়া কামাই নাইগছে। কোনটে থাকি যে এই সময় মন্ত্রের ঠান্ডা খানও আইসছে। কামাইত ধরলে ঠাণ্ডায় হাত-গাও কোঁকড়া নাগে। হাত পা ঠান্ডা বোঝে। কিন্তু পেট তো বোবোনা ঠাণ্ডা আর গরম। তাই পেটের দায়ে অমনি কামাই করিবার নাই তোং কষ্ট হলেও উপায় নাই ভাইয়ো। বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের কৃষি শ্রমিক সন্তোষ চন্দ্র রায় বলেন, হামরা মানুষের জমিত কামলা খাটিয়া সংসারের খরচ চলাই। এবার যে ঠাণ্ডা তাতে কামলা দেওয়াও খুব কষ্ট। সকালে উঠিয়া শীতের মধ্যে
জমিতে যাওয়া নাথে ধানের চারা তোলার জন্য। তারপর সেই চারা নিয়া যাওয়া নাগে জমিত। জমিতে গিয়ে তো আরেক বিপদ, জমিত নামায় যায় না আজমির বাসি পানি আর কালো বরফের মতো ঠান্ডা হয়য়া থাকে। তারউপর এবারে যে ফির ঠাণ্ডা বাতাস হাঁকাইছে। জনিত কামাই করতে ধরলে নাক দিয়া গলগল করি পানি পড়ে মোর সহ হামার দাযগর অনেক কয়েকজনের সর্দি জ্বর ধরছে। অমনি অসুখ ধরিয়া কামাই করবার নাগছি। কথায় আছে না হাত বান্ধিলে গিরি সয়। ওই দশা হইছে এবার হামার গুলার। ঠান্ডার ভয়ে হাত পাও গোটে বসি থাকলে হইবে? কামাই না করলে খামো কি, চলমো কেমন করিয়া? শুধু জয়নাল আবেদিন বা সন্তোষ চন্দ্রই নয় শীতের প্রকোপে কাহিল অবস্থা খেটে খাওয়া
মানুষদের। পেটের দায়ে কাজে বের হয়ে অনেকেই ঠান্ডা জনিত নানা রোগে আক্রান্ত হয়েছেন উপায়ান্ত না পেয়ে কেউ কেউ অসুস্থ শরীরেই কাজ করছেন। শ্রমজীবী এসব মানুষের প্রত্যাশা দ্রুতই সদয় হবে প্রকৃতি। দেখা মিলবে ঝলমলে রোদের। আবার স্বস্তি ফিরবে জনজীবনে।
রাস্তায় কাহিল মানুষ যখন ঝলমলে রোদের প্রত্যাশা করছেন তখন আবহাওয়া পরিস্থিতি জানতে কথা হয় কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকারের সাথে। তিনি বলেন, সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড করা হয়েছে এরকম আবহাওয়া পরিস্থিতি আগামী দুতিন দিন বিরাজমান থাকতে পারে।

